Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলার দ্বিতীয় দিনে প্রথম ‘শিশুপ্রহর’ আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২

বইমেলার দ্বিতীয় দিনে প্রথম ‘শিশুপ্রহর’ আজ

ফাইল ছবি

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ। একই সাথে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হওয়ায় আজ মেলায় থাকছে বিশেষ আকর্ষণ ‘শিশুপ্রহর’। বেলা ১১টায় খুলে দেওয়া হবে অমর একুশে বইমেলার প্রবেশপথ। আজ খুদে পাঠকদের পদচারণায় মুখরিত হতে প্রস্তুত মেলা প্রাঙ্গণ।

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় চলবে শিশুপ্রহর। মেলা চলাকালে প্রতি শুক্র ও শনিবার অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের জন্য থাকবে এই বিশেষ আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিটে শিশুদের জন্য সাজানো হয়েছে নতুন বইয়ের পসরা। রঙিন মলাট আর নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠতে এখন শুধু শিশুদের আগমনের অপেক্ষা। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে আজ চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজনও রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নীতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রমজান মাস ও নানা সমীকরণে এবারের মেলা মাত্র ১৮ দিনের (১৫ মার্চ পর্যন্ত)। এখনও প্রায় বেশ কিছু স্টলের কাজ পুরোপুরি শেষ না হলেও প্রকাশকরা আশা করছেন রমজান মাসেও পাঠকরা বাঙালির প্রাণের মেলায় আসবেন। এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানের জন্য মোট ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি স্টল থাকছে।

আজ ছুটির দিন হওয়ায় মেলা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। তবে রাত ৮টা ৩০ মিনিটের পর মেলায় নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, র‍্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এছাড়া রমজান উপলক্ষে আজ থেকে মেলা প্রাঙ্গণে মুসল্লিদের জন্য তারাবিহ নামাজের সুব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বইমেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর