বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ঢাবিতে বিক্ষোভ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২৩:২০
ছবি : বাংলাদেশের খবর
ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
এতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি হলপাড়া থেকে বিভিন্ন হলের সামনে দিয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। তার মধ্যে ছিল, ‘বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে’, ‘ভারতীয় আধিপাত্য-ভেঙে দাও রুখে দাও’, ‘আবু সাইদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’, ‘দিয়েছি তো রক্ত-আরও দেবো রক্ত’ ইত্যাদি।
মিছিল শেষে ভিসি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিল্লির ঘুম হারাম হয়ে গেছে উল্লেখ করে জগন্নাথ হলের শিক্ষার্থী শরবা মিত্র বলেন, ‘গত ১৬ বছর পরে বাংলাদেশ যখন দিল্লির গোলামি ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, দিল্লির দিকে চোখে চোখ রেখে তাকাচ্ছে দিল্লির ঘুম তখন হারাম হয়ে গেছে।’
তিনি বলেন, ‘এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এ দেশেরই। এ দেশে কোনো বিদেশি শক্তির দালাল থাকবে না। আমাদের দেশের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভারতসহ সব বিদেশি শক্তির চক্রান্ত রুখে দিতে হবে।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘ভারত দীর্ঘদিন ধরে আমাদের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ নানা ধরনের আগ্রাসন চালিয়ে আসছে। ২৪ এর রক্তক্ষয়ী অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা শুধুমাত্র হাসিনাকেই লাল কার্ড দেখায়নি, একই সঙ্গে লাল কার্ড দেখিয়েছে ভারতের আধিপাত্যবাদ ও আগ্রাসন কেও। এসব সহ্য করতে না পেরে ভারত আজ বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা করেছে।’
সার্বভৌমত্বে আঘাত আসলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘হাই কমিশনে হামলা, বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, এগুলো একটি দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতের দাদাদের বলে দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়। এটা নতুন বাংলাদেশ। আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।’
ডিআর/এমজে

