জবি শিক্ষক সমিতি নির্বাচন
আওয়ামীপন্থীদের মনোনয়ন না দিতে স্মারকলিপি
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫
ছবি : প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৫ নির্বাচনে আওয়ামী মতাদর্শের কোনো শিক্ষককে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে এবং তাদের কাছে মনোয়নপত্র বিক্রি না করতে নির্বাচন কমিশন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (৮ ডিসেম্বর) এ স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে স্বাক্ষর করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবির নেতা আবু বকর খান, মো. রাকিব, ফেরদৌস, মো. তানজিল, সিয়াম হোসাইন ও অনিক কুমার দাস।
এতে বলা হয়েছে, ‘জুলাই বিপ্লবে হাজারো প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসর আওয়ামী প্রেতাত্মাদের জুলুম থেকে মুক্তি পেয়েছি। আন্দোলন চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী মতাদর্শের অনুসারী নীল দলের শিক্ষকরা প্রকাশ্যে আমাদের বিরোধিতা করেছে। ৪ আগস্ট-২০২৪ তারিখে আন্দোলনকারীদের নাশকতাকারী ও জঙ্গী আখ্যা দিয়ে কঠোরভাবে দমন ও হাসিনাকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে শহীদ মিনারের পাদদেশে প্রকাশ্যে মানববন্ধন করেছে।’
‘৩ আগস্ট রাতে অনেক শিক্ষক ফ্যাসিস্ট হাসিনার সাথে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার পরিকল্পনায় অংশগ্রহণ করেছে। যার ফলশ্রুতিতে পরদিন আমাদের জবির হিসাববিজ্ঞান বিভাগের বন্ধু সাজিদকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই সময়ে শিক্ষকদের প্রকাশ্য ইন্ধনে জবির আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমাদের বন্ধু অনিক, ফয়সাল, ফেরদৌস, সিয়াম, ইভান, মারুফ, বাপ্পী, মাহমুদ, সজীব, কাজী আহাদসহ অনেকে আহত হয়েছে। নুরনবী, সিয়াম, তুষারসহ অনেককে ওইসব শিক্ষক পুলিশের হাতে তুলে দিয়েছে।’
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ‘আসন্ন শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থী নীলদলের শিক্ষকদের অংশগ্রহণ করতে দেওয়া মানেই জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে বেঈমানী করার নামান্তর। দলটির বিচার না হওয়া পর্যন্ত জগন্নাথে আওয়ামী মতাদর্শের কাউকে কোনো নির্বাচন বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এমতাবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী মতাদর্শের কোন শিক্ষকের নিকট মনোয়নপত্র বিক্রি ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার জোর দাবি জানাচ্ছি।’
জান্নাতুন নাইম/এটিআর

