Logo

ক্যাম্পাস

বাকৃবিতে তরুণদের নীতি-চিন্তা, অনুষ্ঠিত হলো পলিসি কম্পিটিশন ২০২৫

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:৩৮

অ
বাকৃবিতে তরুণদের নীতি-চিন্তা, অনুষ্ঠিত হলো পলিসি কম্পিটিশন ২০২৫

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন ২০২৫’-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাকৃবি চ্যাপ্টারের আয়োজনে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. মতিউর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি বছরের প্রতিযোগিতা ‘ফেস্টিভাল অব ইউথ ২০২৫’-এর অংশ হিসেবে এবং ‘জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকী’ উপলক্ষে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জায়েদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তরুণদের চিন্তাধারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নীতি ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ধরনের প্রতিযোগিতা তরুণদের নেতৃত্ব ও নীতিনির্ধারণ প্রক্রিয়ার প্রতি আগ্রহী করে তুলবে।’

বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। জমা পড়া ২২টি ধারণাপত্রের মধ্য থেকে ৫টি দলকে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। দুটি পর্বে অনুষ্ঠিত ফাইনালে প্রথম পর্বে দলগুলো তাদের নীতিগত প্রেজেন্টেশন উপস্থাপন করে।

শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘আইডিআরওএফ’, প্রথম রানার্সআপ ‘ডেলটা–২১০০’, এবং দ্বিতীয় রানার্সআপ ‘বাউ নোভা’।

‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন’ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীতি, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত করার একটি প্ল্যাটফর্ম। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণ মেধাবীদের জাতীয় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।

  • জয় মন্ডল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাকৃবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন