Logo

ক্যাম্পাস

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার একটি ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজার এলাকায় একটি ভাড়া মেসে থাকতেন। ঘটনার দিন সারাদিন তার কক্ষের দরজা বন্ধ ছিল।

মেসে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী বলেন, ‘সারাদিন রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তার এক বান্ধবী আসে। আমরা তখন দরজায় ধাক্কা দিই। প্রায় ১৫-২০ মিনিট ধাক্কা দেওয়ার পরও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন করি। পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রাকিবার সঙ্গে রোববার রাতে সর্বশেষ কথা হয়েছিল। সে তখন মেসে একাই ছিল। সে তার মাকে জানায়, তার শরীর ভালো না, পরে কথা বলবে। এরপর আর বাড়ির কারও সঙ্গে যোগাযোগ হয়নি। আজ তার মা বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে বান্ধবীদের বিষয়টি জানান। তখন তার বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে সাহায্য নিয়ে দরজা ভেঙে ফেলে। এরপর রুম থেকে রাকিবাকে উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার পরিবারকেও জানানো হয়েছে। তারা আসছেন। মরদেহ মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের টিম কাজ করছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর