বক্তৃতার ৩ ক্যাটাগরিতে জামালপুরে প্রথম রুপন্তী; একটিতে বিভাগ সেরা
এনএসএস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৯
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জামালপুর জেলা পর্যায়ে ৩ বিভাগে প্রথম হয়েছে আয়মান সাইয়ারা রূপন্তী। একটি বিভাগে ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কৃতী এ ছাত্রী।
গত বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এক অনুষ্ঠানে রূপন্তীর হাতে এই সম্মাননা তুলে দেন।
উল্লেখ্য, রূপন্তী জামালপুর জেলা পর্যায়ে 'ক' গ্রুপে ইংরেজি বক্তব্য, উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতা—তিনটি বিভাগেই প্রথম স্থান অধিকার করেছে। এরপর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় প্রথম হয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।
সরকারি জে জে কে এম বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এই ছোট্ট শিক্ষার্থীর মা রেজওয়ানা জেবুন রিমা (ব্যবস্থাপক-প্রশাসন, জিল বাংলা চিনিকল) ও বাবা ইসলামপুর এম.এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজে কর্মরত। বাবা- মা হিসেবে মেয়ের এই ধারাবাহিক সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। খুশী স্কুল কর্তৃপক্ষও।
রূপন্তীও তার মেধা ও বাগ্মিতা দিয়ে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, সেজন্য বাংলাদেশ খবরের মাধ্যমে সকলের দোয়া চেয়েছে।

