Logo

ক্যাম্পাস

বাকৃবিতে নবগঠিত স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Icon

জয় মন্ডল, বাকৃবি সংবাদদাতা:

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৮:০৭

বাকৃবিতে নবগঠিত স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবগঠিত স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, পাঠক্রম, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম, পরীক্ষাপদ্ধতি, শৃঙ্খলা এবং ক্যাম্পাস জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত স্কুলটির প্রতিষ্ঠাকালীন ডিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ডিন পরিষদের আহ্বায়ক এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। সহ-সভাপতি ছিলেন অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া ভেটেরিনারি অনুষদের আটটি এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্যে অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আন্তরিকতা রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন মেধা বিকাশ ও আত্মগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বাকৃবির উন্নত শিক্ষা-গবেষণার পরিবেশ, প্রাকৃতিক আবহ এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে।

সহ-সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক চর্চা, সাঁতার, ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ শরীর ও সুস্থ মনই একজন শিক্ষার্থীর সফলতার ভিত্তি। মোবাইলনির্ভর জীবন থেকে বেরিয়ে বাস্তব জীবনের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও পরামর্শ দেন তিনি।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, প্রায় ১৯টি বিভাগের ২০০ জন শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাদের ডিগ্রি সম্পন্ন করবে। এ বহুমাত্রিক শিক্ষা কাঠামোর কারণেই বাকৃবির শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই নিয়মিত ক্লাস, উপস্থিতি ও মূল্যায়নের গুরুত্ব উপলব্ধি করে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি উন্নত চরিত্র, সৌজন্যবোধ, শিক্ষক-সিনিয়রদের প্রতি শ্রদ্ধা এবং সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, "বিনয়ই মানুষকে সমাজে প্রকৃত অর্থে বড় করে তোলে।"

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন