প্রযুক্তির প্রভাবে বদলে যাওয়া তরুণ সমাজ নিয়ে বিইউপিতে সেমিনার
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৭:০১
প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবে তরুণ প্রজন্মের মানসিকতা, মূল্যবোধ ও সামাজিক আচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। এর ফলে যেমন নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে, তেমনি অসহিষ্ণুতা, বিভাজন ও সামাজিক মেরুকরণের মতো চ্যালেঞ্জও বেড়েছে। ভবিষ্যৎ সমাজে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) এর সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মি আক্তার।
সেমিনারে প্রযুক্তির পরিবর্তন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে তরুণদের চিন্তাভাবনা, মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের পরিবর্তনসহ এর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামাজিক বিভাজন কমিয়ে একটি অধিকতর অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশেরখবর/আরকে

