Logo

ক্যাম্পাস

জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন রাষ্ট্রনায়ক জিয়া : সাদা দল

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৩০

অ
জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন রাষ্ট্রনায়ক জিয়া : সাদা দল

রাষ্ট্রনায়ক জিয়া জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল বলেছে, ‘তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং একাধারে একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক, যিনি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।’

শনিবার (১৮ জানুয়ারি) বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বিবৃতিতে এসব কথা উল্লেখ করে সংগঠনটি।

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জিয়াউর রহমানের জীবন ও কর্মের প্রশংসা করা হয়। 

বিবৃতিতে বলা হয়, জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন আমাদের জাতিসত্তার সঠিক পরিচয় তুলে ধরে। যা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণকারী শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তার স্বাধীনতার ঘোষণায় দেশবাসী প্রাণপনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

সাদা দলের নেতৃবৃন্দ তার কর্মযজ্ঞকে সশ্রদ্ধ স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার চিরশান্তি কামনা করেছেন।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন