জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষা চলছে আজ (শুক্রবার)। ইতোমধ্যে প্রথম শিফটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় সকাল সাড়ে ১০টায়।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়গুলোর মধ্যে ছিল বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান। পরীক্ষায় ৮টি বহুনির্বাচনী ও ৪টি লিখিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
পরীক্ষার্থীদের অভিমত অনুযায়ী, প্রশ্নের মান যথাযথ ছিল এবং সিলেবাসভিত্তিক হলেও কয়েকটি প্রশ্ন কিছুটা ভিন্নধর্মী ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, ‘পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের উপস্থিতি ৯০-৯৫ শতাংশ। আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করব। দীর্ঘ চার বছর পর আমরা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছি। শিফটভিত্তিক উপস্থিতির আনুপাতিক হারে ফলাফল প্রকাশ করা হবে।’
ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘প্রশ্নের বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে নম্বর বিভাজনে সামঞ্জস্য থাকে। একই ধরনের প্রশ্ন একই ধরনের শিক্ষক মূল্যায়ন করবেন, যাতে মূল্যায়ন পদ্ধতিতে কোনো তারতম্য না ঘটে। পাশাপাশি পরীক্ষার জন্য একটি নির্ধারিত মডেল উত্তরপত্রও রয়েছে।’
উল্লেখ্য, এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। আজ অনুষ্ঠিত ‘ডি’ ইউনিট পরীক্ষায় মোট ২৪,৯৫৬ জন আবেদন করেছেন, যেখানে আসন সংখ্যা ৫৯০টি। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন পরীক্ষার্থী।
পরীক্ষায় মোট নম্বর ছিল ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ ছিল ৭২ নম্বর, বহুনির্বাচনী পরীক্ষার জন্য ২৪ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।
জেএন/এটিআর

