জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে আজ (শুক্রবার)। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়ে বুথ বসিয়েছে ক্রীয়াশীল ছাত্রসংগঠনগুলো।
শুক্রবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, জবি শাখা ছাত্রশিবির মোট তিনটি বুথ বসিয়েছে। প্রধান ফটকের বাম পাশে একটি, ২য় ফটকের বাম পাশে একটি ও ৩য় ফটকের ডান পাশে একটি। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মোট দুটি, ইসলামী ছাত্র আন্দোলন একটি এবং ছাত্র অধিকার পরিষদ একটি বুথ স্থাপন করেছে।
এই বুথগুলোতে পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানি, কলম, ফাইল, মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়েছে। বিশেষত, শিক্ষার্থীরা টোকেনের বিনিময়ে তাদের মোবাইল ও ব্যাগ রাখতে পারছেন। এছাড়া প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য নাপা, স্যালাইন এবং পানির ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, আমরা পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছি। এছাড়া ফাইল, স্কেল, কলম ও টোকেট সিস্টেমে ব্যাগ-মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে। অভিভাবক ও পরীক্ষার্থীদের জন্য প্রধান ফটক ও তৃতীয় ফটকে বসার ব্যবস্থা করেছি।
শাখা ছাত্র শিবিরের সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি মুরসালিন জয় বলেন, আমরা শিক্ষার্থীদের সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করছি। এখন পর্যন্ত কেউ ফিরে যাননি। মোবাইল ও ব্যাগ রাখার ক্ষেত্রে নাম ও মোবাইল নাম্বার লিখে টোকেন দেওয়া হচ্ছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের বলেছি, নিজের একটা ছবি মোবাইলের লক স্কিনে দিয়ে রাখতে। যাতে তাকে সহজেই চেনা যায়।
শাখা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা খুব অল্প পরিসরে শিক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য ব্যবস্থা করেছি। আমরা পরীক্ষার্থীদের একটি কলম উপহার দিচ্ছি। ব্যাগ রাখারও ব্যবস্থা করা হয়েছে।’
শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আব্দুল ওয়াহিদ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। মোবাইল ও ব্যাগসহ গুরুত্বপূর্ণ বিষয় রাখতে ইসলামী ছাত্র আন্দোলন লেখা টোকেন দেওয়া হচ্ছে। যাতে কোনো মিসকমিউনিকেশন না হয়।’
জেএন/এটিআর

