Logo

ক্যাম্পাস

জবির ভর্তি পরীক্ষা

শিক্ষার্থী-অভিভাবকদের স্বস্তি বাহাদুর শাহ পার্ক

Icon

জান্নাতুন নাইম

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭

অ
শিক্ষার্থী-অভিভাবকদের স্বস্তি বাহাদুর শাহ পার্ক

প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। দীর্ঘ চার বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। কিন্তু ছোট ক্যাম্পাসের কারণে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য জায়গার সংকট তৈরি হয়েছে, ফলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাহাদুর শাহ পার্কে বিশ্রামের জন্য ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের ভিড় জমেছে।

মাত্র দশ একরের শহুরে ক্যাম্পাসে জায়গার সংকট হওয়ায় বাহাদুর শাহ পার্কই হয়ে উঠেছে বিশ্রামের স্থান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পার্কে গিয়ে দেখা যায়, অনেক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক বসে আছেন পার্কের বিভিন্ন জায়গায়। কেউ চেয়ারে, কেউ পার্কের স্মৃতিস্তম্ভের উপরে বা অন্য কোথাও বসে বিশ্রাম নিচ্ছেন। চোখে-মুখে স্বপ্ন একটিই—‘জবিতে চান্স পাবে আমার সন্তান।’

এদিন তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুটি শিফটে দুটি পর্বে পরীক্ষা চলছে এবং এক শিফটের মধ্যে দুই ঘণ্টার বিরতি রয়েছে। তাই অনেক পরীক্ষার্থী তাদের পরীক্ষার সময়ের আগে এসে বাহাদুর শাহ পার্কে বিশ্রাম নিচ্ছেন।

মিরপুর থেকে আব্দুর রহমান এসেছেন তার মেয়ের সঙ্গে। মেয়ে জ্যোতির পরীক্ষা দ্বিতীয় শিফটে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে যানজটে পড়তে না হয় সেজন্য সকাল ১০টার সময়ই চলে এসেছেন তারা। ক্যাম্পাস ছোট হওয়ায় বিশ্রামের জন্য বেছে নিয়েছেন বাহাদুর শাহ পার্ক।

আব্দুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষায় অনেক মানুষ একসাথে আসেন। ফলে যানজটের সম্ভাবনা থাকে। তাই সকাল সকাল আসা। তবে জগন্নাথের ক্যাম্পাস ছোট। এখানে জায়গার সংকট হওয়ায় পার্কে বসে আছি।’

নরসিংদী থেকে ছেলের পরীক্ষার জন্য এসেছেন শাহাজাহান শিকদার। তার ছেলে মাহাবুরের পরীক্ষা বিকেলে। ছেলে যেন সময়মতো পরীক্ষা দিতে পারে, তাই সকালেই রওনা দেন তারা। 

শাহাজাহান বলেন, ‘ছেলেটার ঢাকায় পড়ার ইচ্ছা থেকেই জগন্নাথে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষা হলে যাতে সময়মতো পৌঁছাতে পারে, তাই তাড়াতাড়ি আসা। তাছাড়া বাইরেও অনেক ভিড়। এখানে একটু বসার জায়গা পেয়েছি। আমার মতো অনেকেই এখানে বসার জায়গা পেয়ে স্বস্তি পাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন বলেন, আজ ‘বি’ ইউনিটের পরীক্ষা চলছে। এই পরীক্ষায় মোট অংশগ্রহণকারীদের সংখ্যা ৪২ হাজার ৯৭৪ জন। আসন সংখ্যা ৭৮৫টি। আসনপ্রতি লড়বেন ৫৫ জন শিক্ষার্থী।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন