Logo

ক্যাম্পাস

জবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন পঞ্চাশোর্ধ তাকু

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৬

অ
জবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন পঞ্চাশোর্ধ তাকু

পরীক্ষার হলে বসে আছেন তাওহিদুর রহমান তাকু | ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পঞ্চাশোর্ধ তাওহিদুর রহমান তাকু। শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরীক্ষায় তাকে অংশ নিতে দেখা গেছে।  

তাকুর মুখে ছোপ ছোপ দাঁড়ি। মাথায় চুল নেই। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হলেও পড়াশোনার প্রতি তার আগ্রহ- উদ্যম বিন্দুমাত্রও কমেনি। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর রুমে তার আসন পড়েছে।  

নওগাঁ সদরের বাসিন্দা তাকু জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার পড়াশোনায় বড় গ্যাপ সৃষ্টি হয়েছিল। তবে ২০১৯ সালে পুনরায় পড়াশোনা শুরু করেন। জেলার এনায়েতপুর দাখিল মাদরাসা (২০২২) থেকে দাখিল ও গয়রা তেতুলিয়া মাদরাসা থেকে (২০২৪) আলিম পাস করেন তিনি।  

তিনি বলেন, ‘আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়েছি। তারপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কাটাতে হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪/১৫ সাল নাগাদ মোটামুটি সুস্থ হলে আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। সুস্থ হওয়ার পর ২০১৬ তে পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু পরীক্ষা না দেওয়ার কারণে আমাকে মাদকাসক্ত সেন্টারে প্রেরণ করে। পরে সেখান থেকে নিয়ে আসলে ২০১৯ সালে আবার পড়াশোনা শুরু করি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘শুনেছি একজন বয়স্ক ব্যক্তি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তিনি আজ বি ইউনিটে পরীক্ষা দিচ্ছেন। যদি কোনো অনিয়মের আশ্রয় নেন, তবে আমরা তা পরবর্তীতে খতিয়ে দেখব।’ 

জেএন/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন