Logo

রাজধানী

সবুজবাগে রিকশাচালককে শ্বাসরোধে হত্যা

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪

অ
সবুজবাগে রিকশাচালককে শ্বাসরোধে হত্যা

রাজধানীর সবুজবাগ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউন এলাকায় বিধান মন্ডল (১৯) নামে এক অটোরিকশার চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু। তিনি বলেন, রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গ্রিন মডেল টাউনের ই-ব্লকের ১২নং রোডে গলার রশি পেঁচানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন। রোববার সন্ধ্যায় বাসা থেকে  বের হয়ে আর ফেরেনি।

ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি নিয়ে চলে যায়। এ ঘটনায় থানায়  মামলা হচ্ছে।

নিহতের খালাতো ভাই সুজন মন্ডল বলেন, গতকাল সন্ধ্যায় বিধান মন্ডল ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়। রাতে আর বাসায় ফেরেনি। পরে ভোরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় গিয়ে বিধানকে মৃত অবস্থায় দেখি।

তিনি বলেন, তাকে হত্যার পর খুনিরা অটোরিকশাটি নিয়ে গেছে। রিকশাটি পাওয়া যায়নি। তিনি ডেমরার কায়েতপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মহাদেব মন্ডল। তিন ভাইয়ের মধ্যে বিধান সবার ছোট।

এআই/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন