Logo

রাজধানী

সাভারে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৬

অ
সাভারে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

সাভারের আশুলিয়ায় শিমুল সরদার আবির (২৮) নামের এক পোশাক শ্রমিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। 

এর আগে শুক্রবার রাত ৯ টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ-পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিমুল সরদার আবির (২৮) যশোর জেলার অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।

তদন্তের স্বার্থে আটক তিনজনের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে নতুন ইপিজেডের পিছনে ভাদাইলের দক্ষিণ-পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে দাঁড়িয়ে ছিলেন শিমুল। হঠাৎ কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে।’

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিস্তারিত এখনো জানা যায়নি। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

হাসান ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন