Logo

রাজধানী

কাজলার হাটে ক্রেতার অপেক্ষায় বেপারিরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:৫৫

অ
কাজলার হাটে ক্রেতার অপেক্ষায় বেপারিরা

কাজলার হাটে ক্রেতার অপেক্ষায় বেপারিরা। ছবি : বাংলাদেশের খবর

পুরোপুরি প্রস্তুত যাত্রাবাড়ীর কাজলা-শনির আখড়া হাট। গরুও উঠেছে ভরপুর। কিন্তু এখনো কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না এ হাটে। দু-চারজন ক্রেতা এলেও এখনো বিগত বছরের মতো গরু ক্রয়-বিক্রয়ের ধুম পড়েনি ওই হাটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষা দনিয়া কলেজ মাঠে প্রতিবারের মতো এবারও বসেছে গরুর হাট। নামে দনিয়া কলেজ মাঠ হলেও এর বিস্তৃতি রায়েরবাগ-শনির আখড়া-কাজলা এলাকার সড়কের পাশ জুড়ে। ট্রাকভর্তি করে বিভিন্ন জেলা থেকে হাটে গরু আসছে। গরু রাখার স্থানও প্রস্তুত করেছেন সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা শুধু ক্রেতার।

সোমবার (২ জুন) হাট ঘুরে দেখা গেছে, সারি সারি গরু বাঁশের সঙ্গে বাঁধা। ব্যবসায়ীরা গরুর দেখভাল করছেন। ক্রেতার সামনে গরুকে আকর্ষণীয় করে তুলতে একটু বেশিই যত্ন নিচ্ছেন। এদিকে হাট সংশ্লিষ্টরা ব্যবসায়ীদের সহযোগিতায় সর্বদা প্রস্তুত রয়েছেন। শেষ সময়ে যেটুকু কাজ বাকি আছে সেরে ফেলছেন।

শরীয়তপুরের বেপারি সাইফুল মাদবর বলেন, ২৫টি গরু নিয়ে এসেছি এবার। এখন পর্যন্ত ৩টি বিক্রি করেছি। বাকিগুলো নিয়ে অপেক্ষায় আছি। কিন্তু ক্রেতা নেই। এখন ক্রেতার অপেক্ষায় আছি।

ইজারাদার তারেকুল ইসলাম তারেক বলেন, হাট পুরোপুরি প্রস্তুত। গত রাত পর্যন্ত প্রচুর গরুর ট্রাক প্রবেশ করেছে। ক্রেতারাও আসছেন। একেবারে ক্রেতা নেই, বিষয়টি এমন না। তবে দু-একদিনের মধ্যে বিক্রি বাড়বে বলে আশা করছি।

গরুর দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো বোঝা যাচ্ছে না দাম। ব্যবসায়ীরা এখন যা দাম, তার বেশি চাচ্ছেন। ক্রেতারা কেনা শুরু করলে হয়তো দাম কেমন জানা যাবে।

তবে এ হাটে আসা ব্যবসায়ীদের অভিযোগ, জায়গা দখল করতে আগে আগে এসেছিলাম। এখন ঝামেলায় আছি। মশা, মাছি বেশি এ হাটে। তারপরও আল্লাহ ভরসা। কষ্ট করে অপেক্ষা করছি। আশা করি যার যা গরু আছে, সবই বিক্রি হয়ে যাবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কোরবানির পশু ঈদুল আজহার সব খবর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন