প্রতিকী ছবি
রাজধানীর তিন‘শ ফিটে একটি মুরগির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এসময় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. সাকিবুল হাসান সাকিব (১৪) নরসিংদীর রায়পুরা উপজেলার হাসেমপুর গ্রামের মো. শরিফ হোসেনের ছেলে। সে শিবপুর আশরাফিয়া মাদ্রাসার (হাফেজী) শিক্ষার্থী। বর্তমানে রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় পরিবারের সাথে থাকতেন।
আহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার হযরত আলীর ছেলে রিয়াজ (৩০), লিটনের ছেলে দিপু (২৩) ও মুরগির গাড়ির চালক আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন বাবু (২৪)।
জানা গেছে, রাজধানীর তিন‘শ ফিট সড়কে ফুটওভার ব্রিজের নিচে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি গাড়ির পেছনে লাগিয়ে দেয়। এতে গাড়িতে থাকা সবাই আহত হয়। পরে হাসপাতালে সাকিবের মৃত্যু হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহত সাকিবের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
এআইবি/এমবি/এমআই

