Logo

রাজধানী

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যাত্রা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৪:৩৭

অ
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যাত্রা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বেলা দেড়টার দিকে শাহবাগ থেকে যমুনা অভিমুখে রওনা হওয়া শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে কিছুটা পিছু হটে বারডেম হাসপাতালের সামনে অবস্থান নেয়। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত শিক্ষার্থী আহসান উল্লাহ জানান, ‘মিছিলের সামনে ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে কিছু এসে আমার বাম পায়ে আঘাত করে।’

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।

গতকাল মঙ্গলবারও তারা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন