Logo

রাজধানী

ফের শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৫

ফের শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা

ছবি: সংগৃহীত

পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে ছত্রভঙ্গ হওয়ার পর আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তারা শাহবাগ মোড়ে জড়ো হন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে সৈকতকে সেখানে দেখা যায়।

এর আগে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে চলা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শাহবাগ এলাকায় অবস্থান নেয় পুলিশ।

এর আগে দুপুরের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানে আবারও পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলনকারীরা আবারও ছত্রভঙ্গ হয়ে যায়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর