রাজধানীতে গ্যাস লাইনের বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ১০
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৩:০০
রাজধানীর তুরাগ থানা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) ভোররাতে কামারপাড়ার বামনারটেক এলাকায় চারতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গ্যাস লাইনের একটি ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাসার ভেতরে থাকা পরিবারের সদস্যরা দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন- রোজা (৩), সোনিয়া আক্তার (২৪), রুবেল (২৭), জুনায়েদ (১৩), মো. এনায়েত আলী (৩০), দুলারা খাতুন (২২), আবু কালাম রুবেল (৩৫), মো. হাবিব (৩৫), আয়েশা আক্তার (১৮) ও রিয়া আক্তার (২৫)। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে দেখা যায়, স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তুরাগ থেকে অগ্নিদগ্ধ ১০ জনকে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমবি

