Logo

রাজধানী

চলবে যেসব রুটে

ঢাকার নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টর নারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

ঢাকার নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টর নারী

# রাজধানীর বাইরে চট্টগ্রাম-বগুড়ায়ও চলবে

রাজধানী ঢাকার সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস ‘পিংক বাস’। নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর মাধ্যমে  গণপরিবহণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে।

আগামীকাল মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ রাজধানীর গণ পরিবহণ ব্যবস্থায় নারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে নতুন এই ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প গণ পরিবহণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক  পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক  পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

রাজধানীর  গণপরিবহণে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম গণ পরিবহণ। তবে দীর্ঘদিন ধরেই  গণপরিবহণে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারী যাত্রীদের হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং নিরাপত্তাজনিত নানা অভিযোগ রয়েছে।

এসব বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিআরটিসির নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা একই ধরনের যাত্রীদের সঙ্গে তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে  পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

গণপরিবহণে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। ফলে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিশেষ বাস পরিচালনার এ উদ্যোগকে  পরিবহণ খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে। এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে  গণপরিবহণের অন্যান্য ক্ষেত্রেও নারীদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ তৈরি হতে পারে।

যেসব রুটে চলবে বাস: বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল এবং তালতলা-মতিঝিল রুটে বাস চলবে।

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে বাস। যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে চলবে একটি বাস। এ পথে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে। এ রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।

এ ছাড়া মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে বাস চলাচল করবে। মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুটেও চলবে বিশেষ বাস। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে। জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে চলবে বাস। এ রুটে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলবে। গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে বাস।

রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার।

এদিকে, রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর খবরের পর নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে  গণপরিবহণে নিয়মিত যাতায়াতকারী কর্মজীবী ও শিক্ষার্থীরা নতুন সার্ভিসটি কীভাবে পরিচালিত হয়, কোন কোন রুটে চলবে এবং কী ধরনের সময়সূচি থাকবে, এসব বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন