ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৩:৪৯
ছবি: সংগৃহীত
রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়াতে, রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা বগুড়ার একটি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম- মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা যায়, রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশে ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাওয়া মাত্রই পেছন থেকে মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।
বাংলাদেশের খবর/আরইউ

