Logo

রাজধানী

মরহুম জালাল শিকদারের স্মরণে মিলাদ ও আলোচনা সভা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

অ
মরহুম জালাল শিকদারের স্মরণে মিলাদ ও আলোচনা সভা

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখদী সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা মরহুম জালাল শিকদারের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা এলাকার উন্নয়ন, সমাজসেবা ও জনকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

শনিবার (১০ অক্টোবর) বাদ এশা রাজধানীর শনির আখড়ার বটতলায় চাইল্ড হ্যাভেন আইডিয়াল স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখদী সচেতন নাগরিক পরিষদের সভাপতি আলহাজ মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শেখদী আব্দুল্লাহ মোল্লা হাই স্কুলের সাবেক সভাপতি ও সম্ভাব্য ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ সৈয়দ আহমেদ, ৬২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা নাঈম মাঝি ও রিয়াজুল ইসলাম মিঠু, জামায়াত নেতা জসিম উদ্দিন, মাওলানা হারেস আব্দুল হক, আলহেরা মসজিদের সদস্য রফিকুল ইসলাম রফিক এবং শেখদী আব্দুল্লাহ মোল্লা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম জালাল শিকদার ছিলেন এলাকার উন্নয়ন ও জনসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। ১৯৭০-এর দশকে তিনি এ এলাকায় আসেন। তখন শেখদী এলাকায় রাস্তাঘাটের তেমন উন্নয়ন ছিল না। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এমন পরিস্থিতিতে তিনি নিজ উদ্যোগে এলাকার রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়নে ভূমিকা রাখেন। রাস্তা তৈরির কাজে নিজেও মাথায় করে মাটি বহন করেছেন। তাঁর এসব উদ্যোগের কারণে তিনি স্থানীয় মানুষের কাছে এলাকার উন্নয়নের অগ্রদূত হিসেবে পরিচিতি লাভ করেন।

বক্তারা আরও বলেন, মরহুম জালাল শিকদার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতেন। সমাজের মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর রেখে যাওয়া ভালো কাজগুলো অনুসরণ করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলহাজ সৈয়দ আহমেদ বলেন, “মরহুম জালাল শিকদার ছিলেন অত্যন্ত সাদা মনের মানুষ। তাঁর প্রচেষ্টায় গড়ে ওঠা শেখদী সচেতন নাগরিক পরিষদ এলাকার উন্নয়ন ও যেকোনো শুভ উদ্যোগের প্রতীক হয়ে উঠুক—এটাই প্রত্যাশা।”

তিনি আরও বলেন, শেখদী আব্দুল্লাহ মোল্লা হাই স্কুল একসময় এলাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। এলাকার সন্তান হিসেবে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও শিক্ষার মান ফিরিয়ে আনার বিষয়ে তাঁর প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। আগামী ২০ অক্টোবর প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে তিনি সৎ, যোগ্য ও কর্মঠ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী সাংবাদিক আবুল কালাম আজাদ, সৈয়দ মনিরুজ্জামান, মো. ফিরোজ হোসেন, মো. শাহিন ও মো. শাহ সেলিম নিজেদের পরিচয় তুলে ধরেন এবং উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

পরে মরহুম জালাল শিকদারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন