Logo

রাজধানী

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২১:১৪

অ
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। 

বুধবার (১৮ নভেম্বর) বিকালে পরিদর্শনকালে  তিনি  তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ঘোষণা দেন। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে বস্তির একটি অংশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।  

তাৎক্ষণিক পদক্ষেপ ও সহায়তা কার্যক্রম: এদিকে ঘটনার পরপর এলাকার সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব (ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী আব্দুর রহমান সানি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করেন। ক্ষতিগ্রস্তদের জন্য বুধবার দুপুর ও রাত এবং বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।  

এদিকে ডিএনসিসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিকাল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয়েছে।  

প্রশাসন জানান,  ধ্বংসস্তূপ পরিষ্কার করার পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাসস্থান পূর্বের অবস্থায় দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়া হবে।

তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, যেহেতু সরকার বাড়ি নির্মাণ করে দেবে, তাই ভূমির মালিকরা আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নিতে পারবেন না এবং আগামী এক বছরের আগে তাদের উচ্ছেদ বা অন্যত্র চলে যাওয়ার কোনো নোটিশ প্রদান করতে পারবেন না।  

পুরো পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সেজন্য একটি বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে।  

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল নিজ নির্বাচনী এলাকাতেই নয়, সারা দেশেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন।

সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর জন্য দ্রুত একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন