হাতে টাকা না থাকায় দিতে পারেননি মা, ক্ষোভে গলায় ফাঁস দিল সোহানি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০০:৩৩
রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগে মোছা. সোহানি আক্তার (১০) নামে এক শিশু কন্যা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাটি ঘটে।
অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতাল হয়ে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিশুটির মা মারুফা আক্তার বলেন, ‘মেয়েটি আমার কাছে কিছু টাকা চেয়েছিল, বাইরে গিয়ে কিছু খাবার কিনে খাবে। আমার কাছে টাকা না থাকায় দিতে পারিনি।
তার বাবা ঠিকমতো হাত খরচ দিত না।’ এই বলে বিলাপ করছিলেন তিনি।
তিনি বলছিলেন, ‘সন্ধ্যা মেয়েসহ পাশে আমার এক বোনের বাসায় গিয়েছিলাম। মেয়ে সেখান থেকে চাবি নিয়ে বাসায় চলে আসে।’
‘পরে আমি বাসায় গিয়ে দেখি রুমের ভেতর থেকে দরজা বন্ধ। তার কোনো সাড়াশব্দ নেই। দরজা ভেঙে রুমে গিয়ে দেখি সোহানি সিলিংফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে সেখান থেকে নামিয়ে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
সোহানি ময়মনসিংহ ফুলপুর উপজেলার পয়ারি গ্রামের সিকিউরিটি গার্ড মো. সোহেলের মেয়ে।
এএইচ/এমজে

