Logo

রাজধানী

ডেমরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ১

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৯

অ
ডেমরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ১

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদ বাবু ব্যাপারি (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বান্ধবী তনিমা আক্তার (২২)।  

শুক্রবার সকাল ১১টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মাহমুদ বাবু তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে সুলতানা কামাল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা দশ চাকা কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।  

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টা ১৫ মিনিটে চিকিৎসক মাহমুদ বাবুকে মৃত ঘোষণা করেন। আহত তনিমা আক্তারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

নিহত মাহমুদ বাবু ব্যাপারি উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একটি কল সেন্টারে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহাবাদ গ্রামে। বর্তমানে তিনি মিরপুর এক নম্বরে থাকতেন।  

নিহতের বড় ভাই আরাফাত হোসেন শাওন জানান, মাহমুদের সঙ্গে তনিমার বিয়ের কথা পারিবারিকভাবে ঠিক করা হয়েছিল। খুব শিগগিরই তাদের বিয়ের পরিকল্পনা ছিল।  

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন