চাঁদপুরে পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯
চাঁদপুরে পাওনা টাকার জন্য শরীফ তালুকদার (১৯) নামে সিএনজি চালিত অটোরিকশা চালককে হত্যা করে দোকানের কাঠের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রাজিব চক্রবর্তী। এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বাগাদী চৌরাস্তা এলাকায় রাসেল গাজীর অটোরিকশার পার্টসের দোকানে এই ঘটনা ঘটে।
ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় রোববার দুপুরে চালক শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভুঁইয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। নিহত চালক শরীফ তালুকদার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের তালুকদার বাড়ির মফিজ তালুকদারের ছেলে। তার মায়ের নাম আয়েশা বেগম।
অভিযুক্তরা হলেন- চৌরাস্তার অটোরিকশার পার্টসের দোকানদার নানুপুর গ্রামের মুজিব গাজীর ছেলে মো. রাসেলে গাজী (২৮) ও তার দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারী (৩৫)সহ অজ্ঞাতনামা কয়েকজন।
অভিযোগকারী জসিম উদ্দিন ভুঁইয়া বলেন , আমার ভাগিনা শরীফের কাছে রাসেল গাজীর অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা আগামী ১২ ডিসেম্বর পরিশোধ করার কথা। কিন্তু এরই মধ্যে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রাসেল তার দোকানে ডেকে এনে ভাগিনা শরীফকে বেদম মারধর করে। মারধরে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দোকানের কাঠের সাথে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখে। ভোররাতে এলাকার মনির হোসেন মেম্বারের মাধ্যমে আমরা এই ঘটনা জানতে পারি এবং সেখানে যাই।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়েছে।
নিহত চালক শরীফ তালুকদারের স্ত্রী বিউটি বেগম ৬ মাসের অন্তঃসত্ত্বা। বিউটির বাবা পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হরিণা গ্রামের বাসিন্দা মোশরফ সিকদার। তিনি বলেন, মেয়ে আমাকে জানিয়েছে, গত রাতে দোকানদার রাসেল শরীফকে টাকার জন্য দোকানে আটকে রাখে। তাকে ৩ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেয় রাসেল। বিউটি সকালে টাকা দিবে জানিয়ে তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তারা সে কথায় রাজি হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে ওই চালকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলআমিন ভূঁইয়া/এমএইচএস

