Logo

সারাদেশ

সিলেটে এইডসে মৃত্যুর সংখ্যা বেড়েছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০

অ
সিলেটে এইডসে মৃত্যুর সংখ্যা বেড়েছে

ছবি : সংগৃহীত

রোববার (১ ডিসেম্বর) ছিলো বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলিংসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় জেলায় এইডস রোগে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে এতে মৃত্যুর সংখ্যা। তাই উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। তবে উদ্বিগ্ন না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বাংলাদেশের খবরকে জানান, গত বছর জেলায় ৫ হাজার ৭৮৯ জন এইচআইভি (এইডসের ভাইরাস) টেস্ট করিয়েছিলেন। এদের মধ্যে ৪৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়। আর চলতি বছর অক্টোবর পর্যন্ত ২ হাজার ১০৫ জন এইচআইভি টেস্ট করান। তাদের মধ্যে ২৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

তিনি জানান, গত বছরের আক্রান্তদের মাঝে ১ জন মৃত্যুবরণ করেন। আর এ বছর আক্রান্তদের মাঝে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৫ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত সিলেট জেলায় ১ হাজার ১৪২ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৯৫ জন।

সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি এইডসে আক্রান্ত মৌলভীবাজার জেলায় বলে তথ্য দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ডা. জন্মেজয় দত্ত বলেন, মানুষের মাঝে এইডস নিয়ে আগের চাইতে অনেক সচেতনতা সৃষ্টি হয়েছে। যেসব কাজ করলে এইডস সংক্রমমিত হয় সেগুলো পরিহার করছেন মানুষ এবং অনেকে স্বপ্রণোদিত হয়ে টেস্টও করাচ্ছেন। ফলে সিলেটে এ রোগে আক্রান্তের সংখ্যা কমছে। তবে এ বছর মৃত্যুর হার বেশি সিলেটে।

তিনি আরও বলেন, এইডস রোগে আক্রান্তদের মাঝে প্রথমে বেশ কয়েক বছর উপসর্গ দেখা দেয় না। ফলে আরেকটি পরীক্ষা (ভাইরাল লোড টেস্ট) আছে, সেটি করলে সংক্রমণের মাত্রা চিহ্নিত করা যায়। সেটি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়। মরণঘাতি এ রোগ থেকে বাঁচতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।

মো. রেজাউল হক ডালিম/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন