চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক সোহেল খান (২৩) নিহত হয়েছেন। এ সময় আরোহী মো. ইমরান (২২) গুরুতর আহত হন।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে শহরের সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের আনোয়ার খানের ছেলে। আহত ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে। নিহত সোহেল পেশায় ছিলেন অটোরিকশা চালক।
নিহত সোহেলের বন্ধু মো. ফাহাদ জানান, তারা দুজনে বিকেলে বাড়ি থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে টেকনিক্যাল স্কুলের সামনে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার একটি ভ্যানগাড়ির সাথে ধাক্কা লাগে এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে বিদ্যুতের খুঁটির সাথে লাগে।
এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং সাথে থাকা ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, বাইকার সোহেলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আর আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
চাঁদপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ‘দুর্ঘটনায় সোহেল নামে যুবক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাইকটি জব্দ করা হয়েছে। নিহত বাইকার সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
আলআমিন ভূঁইয়া/এমজে

