নারায়ণগঞ্জে সাংবাদিকের বাড়িতে গুলি
সোনারগাঁও (নারায়ণঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি ও জমি দখলের খবর প্রকাশ করায় জাহাঙ্গীর মাহমুদ নামে এক সাংবাদিকের বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গুলি চালানোর ঘটনায় তার পরিবার ও স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন।
জাহাঙ্গীর মাহমুদ বলেন, ‘মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ গ্রুপের ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতিপূরণ বাবদ আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।’
জাহাঙ্গীরের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে এবং দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফেন্সি ইয়াসিনের নেতৃত্বে কাজল, রাব্বিল, রকি, ইমনসহ ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী ইট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। এ ছাড়া হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে।
এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জাহাঙ্গীর মাহমুদের আরও অভিযোগ, কয়েকদিন ধরেই কাইল্লা মাসুদ, ফেন্সি ইয়াছিন, কাজলসহ আসামি পক্ষের সন্ত্রাসীরা মামলা তুলে নিতে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় গত শনিবার (৩০ নভেম্বর) জাহাঙ্গীর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার দুপুরে মামলার আসামি রাব্বিল ও রকি নারায়ণগঞ্জ আদালতে জামিন চান। আদালত রকিকে জামিন দিলেও রাব্বিলকে কারাগারে পাঠান। এরপর বিকালে কাইল্লা মাসুদ ও ফেন্সি ইয়াছিনের নেতৃত্বে জাহাঙ্গীরের বাড়ি আশপাশের রাস্তা দিয়ে হোন্ডার মহড়া দেয় এবং গালিগালাজ করে।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে ঘরের জানালা দিয়ে গুলি ছোঁড়ে একদল সন্ত্রাসী। গুলিটি জানালা ছিদ্র হয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। যদিও এতে জাহাঙ্গীরের কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাঙ্গীর ও তার পরিবার।
এ ব্যপারে জানতে কাইল্লা মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।’
মো. সজীব হোসেন/এমজে

