ছবি : বাংলাদেশের খবর
ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হন তারা।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসআদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ, মাওলানা আবু দাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে আওয়ামী লীগের সঙ্গী, এ দেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না?
এ সময় ইউনুস সরকারকে উদ্দেশ করে বক্তারা বলেন, বিপ্লবী সরকার এত ভীত হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব।
অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা।
এম বুরহান উদ্দীন/বিএইচ

