ছবি : বাংলাদেশের খবর
দুই দফা দাবিতে চাঁদপুরে সাদপন্থীদের স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন চাঁদপুরের সাদপন্থী নেতারা।
চাঁদপুর জেলা তাবলীগ জামাতের আমির মাওলানা আবদুর রশিদের নেতৃত্ব মাওলানা সাদের সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন। নেতারা প্রথমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান এবং পরে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের কাছে তাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তাদের দাবি, ‘কোনোরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির মাওলানা সাদ বাংলাদেশে আসতে পারছেন না।’
জেলা তাবলীগ জামাতের আমির মাওলানা আবদুর রশিদ জানান, বিগত ৭ বছর ধরে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অথচ তিনি ইতোপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এ বছর যাতে তাদের আমির মাওলানা সাদ অবশ্যই বাংলাদেশে আসতে পারেন, সেজন্য জোর দাবি তাদের।
অপরদিকে বিগত ৭ বছর ধরে তাবলীগের শুরায়ে নেজামের অনুসারীরা মাওলানা সাদকে বাংলাদেশে আসার বিরোধিতা করে আসছেন। মাওলানা সাদ কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে তাবলীগকে বিকৃত করছেন বলে তাদের অভিযোগ। তবে দেশের ধর্মপ্রাণ মানুষের আশা খুব শিগগিরই তাবলীগের বিবদমান দুই গ্রুপ নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে এক কাতারে শামিল হবে।
আলআমিন ভূঁইয়া/বিএইচ

