ভারতীয়দের বাধায় সিলেটের দুই স্টেশন-বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫
ভারতীয়দের বাধায় সিলেটের একটি স্থলবন্দর ও একটি শুল্ক স্টেশন দিয়ে তিনদিন ধরে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল পর্যন্ত আমদানি-রপ্তানি চালু হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের নির্যাতনের অভিযোগ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে সীমান্তের ওপারের সুতারকান্দি ও করিমগঞ্জের স্থানীয় বাসিন্দারা তাদের বর্ডার এলাকায় বাণিজ্যিক মালবাহী সব গাড়ি আটকে রেখেছেন।
ফলে সিলেট জেলার জকিগঞ্জ শুল্ক স্টেশন ও বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর দিয়ে তিনদিন ধরে আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এ ছাড়া পণ্য পরিমাপ নিয়ে জটিলতায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে আমদানি বন্ধ রয়েছে। এতে সীমান্তের উভয়দিকে আটকা পড়েছে শত কোটি টাকা মূল্যের পণ্যবোঝাই ছয় শতাধিক ট্রাক।
আমদানি-রপ্তানি বন্ধ থাকায় আমদানিকারদের প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের। এ ব্যাপারে উভয় দেশের সরকারের হস্তক্ষেপ কামনা করছেন আমদানিকারকরা।
জানা গেছে, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ ও ইসকন থেকে বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে সোমবার (২ ডিসেম্বর) ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি শুল্ক স্টেশনে মিছিল নিয়ে জড়ো হন কয়েক শ’ লোক। ‘হিন্দু ঐক্যমঞ্চ’র ব্যানারে মিছিলকারী লোকজন একপর্যায়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের প্রস্তুতি নিলে বিএসএফ ও সে দেশের পুলিশ তাদের বাধা দেয়।
পরে ভারতীয় বিক্ষোভকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। একই পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশনে। পরে ওই স্টেশন দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ হয়। তিনদিন ধরে এই অচলাবস্থা বিরাজ করছে সিলেট জেলার জকিগঞ্জ শুল্ক স্টেশন ও বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরে।
এদিকে, পণ্য পরিমাপ সংক্রান্ত জটিলতায় বেশ কয়েকদিন ধরে ভারতের ডাউকি বর্ডার দিয়ে পাথর-চুনাপাথর আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এবং পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক আতিক হোসেন জানান, ইসকন ইস্যুতে ভারতের সুতারকান্দি ও করিমগঞ্জ বর্ডার দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় লোকজনের বাধার মুখে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে পারছে না।
তিনি জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল পর্যন্ত ভারতের সুতারকান্দিতে পাথরসহ বিভিন্ন পণ্যবাহী অন্তত ৩০০ ট্রাক এবং এপারে শেওলা শুল্ক স্টেশনে শতাধিক ট্রাক আটকা পড়েছে। এ ছাড়া সিলেটের জকিগঞ্জের ওপারে ভারতের করিমগঞ্জে আটকা পড়েছে ফল ও কাঁচামাল বোঝাই কয়েক শ’ ট্রাক।
আতিক হোসেন আরও জানান, সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে যেসব পাথর আমদানি করা হয়, সেগুলো সরাসরি মাইন থেকে গাড়িতে লোড হয়ে চলে আসে। ফলে এসব পাথরের সাথে মাটি ও বালি মিশ্রিত থাকে।
ইতোপূর্বে তামাবিল ও শেওলায় পাথর শুল্কায়নের পূর্বে বন্দর কর্তৃপক্ষ মাটি ও বালির ওজন বাদ দিয়ে পাথরের ওজন নির্ণয় করতেন এবং সে অনুযায়ী শুল্কায়ন করা হতো। যার ফলে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতেন না। কিন্তু বর্তমানে স্থলবন্দরের নতুন কর্মকর্তারা মাটি ও বালির ওজন ছাড় দিতে চাচ্ছেন না।
ফলে বন্দর কর্তৃপক্ষের সাথে আমদানিকারকদের কিছুটা সমস্যার সৃষ্টি হওয়ায় তামাবিল বন্দরে মালবাহী গাড়ি আনলোড করতে দিচ্ছেন না স্থলবন্দর কর্তৃপক্ষ। এতে দুটি বর্ডার এলাকায় কয়েক শ’ মালবাহী বেশ কয়েকদিন ধরে আটকে আছে। এতে গাড়িভাড়া বাবদ প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে আমদানিকারকদের।
এ ছাড়া পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ থাকায় লোড-আনালোড এবং স্থানীয় পাথরভাঙার কলগুলোর হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন বলে জানান আতিক হোসেন। এতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।
রেজাউল হক ডালিম/এমজে

