কুমিল্লায় সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে ক্রেতারা
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩
কুমিল্লা নগরের বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে হাতেগোনা দু-তিনটি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল মিলছে না। কয়েকটি ব্র্যান্ডের তেল মিললেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নেই। বিশেষ করে এক ও দুই লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। তবে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক আছে, পণ্য দুটির দামও কিছুটা কমেছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) নগরের রানীর বাজার, চকবাজার, রাজগঞ্জ, টমসমব্রীজ বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বাজারে প্রায় এক মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছে। সরকার ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমালে সরবরাহ কিছুটা বাড়ে। তবে এক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবার কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো।
রানীর বাজার মক্কা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোশাররফ বলেন, ‘আগে নিয়মিত পাঁচ থেকে ছয়টি কোম্পানি তেল দিত। দুই থেকে তিন সপ্তাহ ধরে মাত্র দুটি কোম্পানি তেল দিচ্ছে। যা দিয়ে আমাদের চাহিদার ১০ শতাংশও পূরণ হচ্ছে না।’
তিনি বলেন, ‘বাকি কোম্পানিগুলোর ডিলাররা জানাচ্ছেন, তারা নাকি কোম্পানি থেকে তেল পাচ্ছেন না। আগে সপ্তাহে আমাকে তিনটি কোম্পানি প্রায় ২০ কার্টন করে তেল দিত। এখন সেই তিন কোম্পানি একটাও তেল দিচ্ছে না।’
চকবাজারের দোকানি নাসিম বলেন, ‘এখন ক্রেতারা দোকানে এসেই আগে তেল খোঁজেন। যদি তেল দিতে না পারি, পণ্য কিনতে চান না তারা। বাজারে নতুন করে তেলের দাম বাড়াতেই কোম্পানিগুলো এমন টালবাহানা করছে।’
ক্রীড়াবিদ আনিস বলেন, ‘বাজারের বেশ কয়েকটি মুদি দোকান ঘুরেও এক লিটারের সয়াবিন তেলের বোতল পাইনি। গত সন্ধ্যায় ঘুরছি তেলের জন্য, যা পাইছি দ্বিগুণ দামে কিনতে হলো। একটা দোকানেও তেল পাওয়া যাচ্ছে না।’
ভোজ্যতেল সরবরাহকারী বড় এক প্রতিষ্ঠানের বিতরণ শাখার প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা এলসি খুলতে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। বরং একাধিকবার এলসি বাতিল করা হয়েছে। যার কারণে বাজারে আমাদের তেল সরবরাহ কমে গেছে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ‘সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় বাজারে একটু সমস্যা হচ্ছে। সয়াবিন তেলের সরবারাহের জন্য সংশ্লিষ্ট অফিসে অবগত করা হয়েছে। এ সমস্যা থাকবে না। কেউ এ সুযোগে বেশি দাম নিলে আমরা ব্যবস্থা নেব। আমরা বাজারে বাজারে মনিটরিং করছি।’
এমজে

