Logo

সারাদেশ

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারহানার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:৩০

অ
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারহানার

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন৷ 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার কালিতলায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

আহতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ রোড থেকে আসা একটি ট্রাকের সাথে ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থী মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। 

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রকিবুল আলম চয়ন বলেন, ‘হাসপাতালে আসার আগেই স্কুল শিক্ষার্থী মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু অবস্থায় রয়েছেন৷’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ গেছে৷’

আবু সালেহ/এমজে/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন