Logo

সারাদেশ

পঞ্চগড়ে নিজের ঘরে নারীর মরদেহ উদ্ধার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯

অ
পঞ্চগড়ে নিজের ঘরে নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নামাজরত অবস্থায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বোদা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল নির্ণয় করে। নিহত অরিনা ওই এলাকার আবুল কালামের স্ত্রী।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজেদের ঘরে এশার নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এসময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। এসময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অরিনা। পরে রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে বাড়িতে শুনশান নীরবতা দেখতে পান আবুল কালাম। ঘরে গিয়ে দেখেন স্ত্রী রক্তাক্ত অবস্থায় নামাজের পাটির উপরে পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। 

জানা গেছে, নিহত অরিনার বড় ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার আরেক ছেলে ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি। তবে তিনি রাজনৈতিক কারণে পলাতক রয়েছেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার রাতে এক নারীকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের মরদেহ নামাজের পাটিতে পড়া ছিল। তাতে সকলের ধারণা যে তিনি নামাজরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। 

তিনি আরও জানান, সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসকে দোয়েল/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন