ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই : সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫
ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি শামছুল হকে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। কারণ গণতন্ত্রের পরিপূর্ণ বিজয় অর্জন করতে এখনো আমরা সক্ষম হয়নি। একটি পথ আমরা অতিক্রম করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।’
তিনি আরও বলেন, ‘আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসবে, তখনি গণতন্ত্রের যে মূল বিজয়, সেটা অর্জন করতে সক্ষম হব।’
বিএনপির প্রচার সম্পাদক বলেন, ‘বিএনপির পরিচয়েই আমরা বেঁচে থাকতে চাই। বিগত ১৭ বছর আমরা অনেকেই নিপীড়ন সহ্য করেছি। আজকে সেই নির্যাতিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে পথ চলতে হবে।’
ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে বিরাজমান উল্লেখ করে টুকু বলেন, ‘ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু সেই ফ্যাসিবাদের প্রেতাত্তারা এখনো বাংলাদেশে বিরাজমান। তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখানে ঢোকার।’
শামছুল হক স্মৃতি সংসদের সভাপতি শ্যামল হোড়ের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
রেজাউল করিম/এমজে

