Logo

সারাদেশ

শীতের পিঠার স্বাদ নিতে ভাসমান দোকানে ভিড়

Icon

এস এম সুমন রশিদ, (বরগুনা) আমতলী

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

অ
শীতের পিঠার স্বাদ নিতে ভাসমান দোকানে ভিড়

ছবি : বাংলাদেশের খবর

চিতই, চডা ও ভাপাসহ নানা ধরনের পিঠার সাথে সরিষা, চিংড়ি, শুঁটকি ও লাউশাকের ভর্তা অন্যরকম স্বাদ তৈরি করে। এই স্বাদ নিতে ক্রেতারা ভিড় করেন ভাসমান পিঠার দোকানে। বরগুনার আমতলীতে ঋতু বদলের সাথে সাথে শীতের পিঠা বিক্রির এমন উৎসব শুরু হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, আমতলী বাজারের মোড়ে মোড়ে গড়ে উঠেছে হরেক রকম পিঠা তৈরির অস্থায়ী দোকান। এতে ক্রেতারা ভিড় করছেন পছন্দের পিঠার স্বাদ নিতে। 

আমতলী উপজেলার গুলিশাখালী, গোজখালী, কলাগাছিয়া,খেকুয়ানী বাজার কুকুয়ার, হলদিয়া, আঠারোগাছিয়া, চাওড়ার ঘটখালী, সিকদার বাড়িসহ প্রত্যেকটি বাজারে পিঠার অস্থায়ী দোকান বসে। বিকেল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত  ফুটপাত বা ছোট ছোট চায়ের দোকানে প্রতিদিন  শীতের পিঠা বিক্রির ধুম চলে। দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে দেখেই বোঝা যায় শীতের পিঠার চাহিদা। দোকানি চুলা থেকে পিঠা নামানোর সাথে সাথেই হাতে তুলে নেওয়ার নিশ্চুপ প্রতিযোগিতা লক্ষ করা গেছে ক্রেতাদের মধ্যে। 

গুড়, নারকেল ও চালের গুঁড়া দিয়ে তৈরি ভাঁপা, পুলিসহ নানা পিঠা বিক্রি হচ্ছে। চিতই পিঠার সাথে চিংড়ি, শুঁটকি, ধনেপাতা লাউপাতাসহ নানান রকমের সুস্বাদু ভর্তা জিহ্বায় জল আনছে ভোক্তাদের। 

তবে অধিকাংশ পিঠা বিক্রেতাই সারাদিন অন্য কাজ শেষে বিকেল থেকে রাত পর্যন্ত পিঠা বিক্রি করে বাড়তি আয় করে সংসারের চাহিদা পূরণ করছেন।

দোকানগুলোতে প্রতিটি পিঠা ৫-১০ টাকা মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন পিঠা বিক্রেতারা। তবে স্বল্প পুঁজিতেই এ কর্মসংস্থান তৈরি করেছেন পিঠা বিক্রেতারা।

ফেরীঘাটের ক্রেতা  মো. অসিম মৃধা  বলেন, ‘বাড়িতে সব সময় পিঠা তৈরি করা সম্ভব হয় না। দোকানগুলোতে খুব সুন্দর ও সুস্বাদু পিঠা তৈরি করে। তাই প্রায়ই দোকান থেকে পিঠা খাই।’

পিঠা বিক্রেতা ছালমা  বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির গৃহস্থালি কাজ করি। বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত  পিঠা বিক্রি করি। পিঠা বিক্রি করে দৈনিক ৬ থেকে ৭ শ টাকা লাভ হয়। এতে  আমার সংসার অনেক ভালো চলে।’

পিঠা ক্রেতা সাবিনা ইয়াসমিন বলেন, আমতলী পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে অস্থায়ী দোকান বসিয়ে শীতের পিঠা বিক্রি হচ্ছে। এতে বাঙালির ঐতিহ্য প্রকাশ পাচ্ছে। আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হলে এ পিঠার দিকে নজর পড়ে।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন