মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, ‘খেলাধুলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছি আমরা। মানিকগঞ্জে নতুন স্টেডিয়াম করবে বিএনপি।’
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আফরোজা খানম রিতা বলেন, ‘খেলাধুলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমরা ৫ আগস্টের পর মাত্র ৭ দিনে মানিকগঞ্জ স্টেডিয়ামে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আমরা মাঠে প্রবেশ করতে পারিনি। আমাদের খেলোয়াড়দের বঞ্চিত করে রেখেছিল আওয়ামীপন্থীরা। আমি ডিসির সাথে কথা বলেছি এই স্টেডিয়ামের পরিধি বাড়ানোর জন্য। তিনি আমাকে পরিধি বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন। দ্রুতই বাস্তবায়নের কথা জানিয়েছেন। নতুন একটি স্টেডিয়াম মানিকগঞ্জে করতে চাই।’
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে ও ক্রীড়াসংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোকে স্মরণ করে বলেন, ‘ক্রিকেটে তার ভূমিকা অপরিসীম। যা কখনোই ভোলার নয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতাকর্মী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আফ্রিদি আহাম্মেদ/এমজে

