হরিরামপুর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২১
ঢাকায় আত্মগোপনে থাকা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনার প্রায় আড়াই বছর পর গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। এতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নামসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ মামলার ৩ নম্বর আসামি দেওয়ান আব্দুর রব।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, ‘শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দেওয়ান আব্দুর রবকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়।’
দিপংকর মন্ডল/এমজে

