Logo

সারাদেশ

হাত বদলেই বেগুনের দাম দ্বিগুণ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩

অ
হাত বদলেই বেগুনের দাম দ্বিগুণ

জামালপুরে এ বছর বিপুল পরিমাণে বেগুন উৎপাদন হয়েছে। বেগুনের অন্যতম পাইকারি বাজার জামালপুরের মেলান্দহ উপজেলার শিমুলতলা বাজার। প্রতি বছরেই পাইকারি বাজার বসে এই স্থানে। 

এ বাজার থেকে প্রতিদিন প্রায় ৫ হাজার মণ বেগুন যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। ৩০ টাকা কেজি দরে কৃষকের কাছে থেকে বেগুন কিনছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে এ বেগুনই ২০ কিলোমিটার দূরে জেলা শহরের বাজারে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। হাত বদলেই বাড়ছে বেগুনের দিগুণ দাম।

সরেজমিনে গিয়ে জানা যায়, শিমুলতলা বাজারে প্রায় ৩০ জন ব্যবসায়ী রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের থাকা-খাওয়ার সুবিধাও রয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেগুন ক্রয়-বিক্রয় । ক্ষেত থেকে কৃষকেরা বেগুন তুলে অটোরিকশা ও ঘোড়ার গাড়ি করে বেগুন বিক্রি করতে আসে। পাইকারেরা বেগুন কিনে ট্রাকে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। এছাড়াও শ্যামপুর ইউনিয়নের টুপকারচর বাজারসহ বিভিন্ন জায়গা থেকে পাইকাররা বেগুন কিনছেন।

বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেগুন যাচ্ছে। পাইকারি কৃষকদের কাছ থেকে বেগুন কেনা হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা মণ দরে। এবার বেগুনের বাজার ভালো ছিল তবে এখন কিছুটা কমেছে। যে দরে কৃষকের কাছে থেকে বেগুন কেনা হচ্ছে, সেই দরে পাইকাররা বিক্রি করতে পারছেন না। এতে এ বছর লোকসানের আশঙ্কা রয়েছে।’

বেগুনচাষিরা বলছেন, বেগুনের বাজার প্রতিদিন বিভিন্ন রকমের হয়ে থাকে। ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত দর থাকে। এ বছরের বেগুনের দাম এখন পর্যন্ত ভালো রয়েছে। এতে কৃষকরা কিছুটা লাভবান হবে। গতবারের চেয়ে এবারে বেগুন চাষের খরচ হয়েছে বেশি।

সদর উপজেলার সকাল বাজারে গিয়ে জানা যায়, মেলান্দহ ও ইসলামপুরের বেগুন প্রতি কেজি ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। নান্দিনা চরের গোল বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বাজারের ব্যবসায়ীরা বলছেন, তাদের পাইকারদের কাছ থেকে বেগুন কিনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে। ব্যবসায়ীরা প্রতি কেজিতে ৫-১০ টাকা লাভ করছেন।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘এ বছর বেগুনের ফলন ও বেগুন চাষ দুটিই বেশ ভালো হয়েছে। এখন কিছুটা দাম কমেছে।’

তিনি আরও বলেন, ‘বোতল বেগুন চাষ বেশি হয়েছে। তাছাড়াও হাইব্রিড জাতের বেগুন চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বেগুন চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।’

সাদিকুর রহমান রোমান/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন