Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার সোনার বারসহ আটক ১

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:৩২

অ
চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার সোনার বারসহ আটক ১

জব্দ সোনার বার

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ৯টি সোনার বারসহ রুহুল আমিন (২১) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

রোববার (৮ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে জেলার দর্শনা থানার ডুগডুগি বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটক রুহুল আমিন দর্শনা থানার আজমপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে। রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, সোনার চালান পাচার হওয়ার খবর পেয়ে রোববার দুপুরে সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডুগডুগি বাজারে অবস্থান নেয় বিজিবি। বেলা দেড়টার দিকে বিজিবি টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে গতিরোধ করে। এ সময় রুহুল আমিন নামের ওই যুবক পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোটরসাইকেলটি তল্লাশি করলে মোটরসাইকেলের হেড নাটের কভারের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।

বিজিবির নায়েক জিয়াউর রহমান জানান, দর্শনা থানায় মামলা করে আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন