ইশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের প্রাণহানি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯
ছবি : প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে দোকানে চা-পান করে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াহেদ আলী মৃধা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার দাশুড়িয়া-রূপপুর মহাসড়কের জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ আলী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ওয়াহেদ আলী সড়কের অপর পার্শ্বের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে সড়ক পারাপারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খান। এসময় পেছনে থাকা মাইক্রোবাসের ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।
পাকশি পুলিশ ফাঁড়ির ওসি এম এ ওয়াদুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আহত অবস্থায় ওয়াহেদ আলীকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তিনি বলেন, নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এটিআর/

