Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের কবলে সমন্বয়কদের গাড়ি

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫

অ
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের কবলে সমন্বয়কদের গাড়ি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা একটি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এ সময় ধারালো অস্ত্রের মুখে গাড়িতে থাকা ছাত্রনেতাদের মোবাইল ও মানিব্যাগ লুট করা হয়েছে।

বান্দরবানের লামায় যাওয়ার পথে রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ। তিনি বলেন, ‘শীতের রাতে কুয়াশা থাকায় ছাত্রনেতাদের বহন করা মাইক্রোবাসটি ধীরগতিতে চলছিল। এ সময় একদল ব্যক্তি ধারালো অস্ত্র হাতে গাড়িটি থামিয়ে গাড়ির কাচ ভেঙে ছাত্রনেতাদের মোবাইল-মানিব্যাগ লুট করে। গাড়ির কাচ ভাঙায় দুজন ছাত্রনেতা আঘাত পেয়েছেন।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রনেতাদের নিরাপত্তার ব্যবস্থা করে এবং পরে অন্য গাড়ি আসলে ছাত্রনেতাদের কয়েকজন ঢাকায় এবং বাকিরা লামার উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

হামলার শিকার গাড়িটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, মাহমুদা সুলতানা রিমি, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রাহিম নিরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী সুহাস ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে মাহমুদা সুলতানা রিমি ও রাকিব মোহাম্মদ আহত হয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। পাশেই আমাদের একটি টহল টিম ছিল। তাৎক্ষণিক টহল টিমটি এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করেছি।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন