‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান।
আলোচনা শেষে পাঁচ ক্যাটাগরিতে উপজেলার সেরা পাঁচজন জয়িতার হাতে উত্তরীয় সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জয়ীতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সাগরিকা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মেহেরুন নেহার, সফল জননী হিসেবে কমিজান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা মরজিনা খাতুন মাহি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সখিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হীরাকান্ত রায়, সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ বর্মন, কলেজ শিক্ষক ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক পায়েল প্রমুখ।
এসকে দোয়েল/এমজে

