সিলেটে ৮ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রেজাউল হক ডালিম, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:২২
সিলেটে টাস্কফোর্স’র অভিযানে এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান জব্দ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত টানা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ন জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৯০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ১৬২ পিস কাশ্মিরি শাল, ৪১৩ পিস থ্রি পিস, বিভিন্ন প্রকার থান কাপড়, ব্লেজারের কাপড়, মখমল কাপড়, বিভিন্ন প্রকার ক্রিম ও প্রসাধনীসামগ্রী, চকলেট এবং ওষুধ জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।
জব্দকৃত মালামাল পরে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দিয়েছে বিজিবি।
-এমএইচএস

