Logo

সারাদেশ

ভারতের মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

Icon

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৭:৩২

ভারতের মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলার কৈথা কোণা গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই।

নিহতের নাম আকরাম (৩৭)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে আটক করে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া জানান, আকরামের মৃত্যুর খবর পেয়ে তার পরিবার মরদেহ দেশে আনার জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছে।

নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের মৃত্যুর খবর জানতে পেরেছি। কীভাবে সে ভারতে গেল, তা আমরা জানি না। লাশ আনার জন্য বিজিবির সঙ্গে আলোচনা চলছে।’

ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ বলেন, ‘ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

  • শান্ত শিফাত/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন