কাজে বের হয়ে লাশ হলেন তরুণ আইনজীবী রোমানা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৪
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব এলাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষানবীশ আইনজীবী রোমানা আক্তার ছবি (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রোমানা মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার খোকন মোল্লার মেয়ে।
আহতরা হলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রোমানা আক্তার ছবি একজন শিক্ষানবীশ আইনজীবী। মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনীর একটি কাজে যাচ্ছিলেন। গাংনী উপজেলার গাঁড়াডোব নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোমানা রাস্তার উপর ছিটকে পড়লে আরও একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন।
অপর আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
জামান আক্তার/এমজে

