বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯
বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও চার শ্রমিক আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও চার শ্রমিক আহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খনিহারা এলাকায় ‘ম্যাক ফেয়ার’ নামের একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যার দিকে কাজ চলাকালে হঠাৎ ছাদটি ধসে পড়ে। এ সময় চার শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এমবি

