লক্ষ্মীপুর-৪
বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডের বশির ভিলার হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শরাফ উদ্দিন আজাদ সোহেল।
বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সোহেল। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
পরে ধানের শীষের প্রার্থী নিজান ও সোহেলের হাতে ধানের শীষের তোড়া তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে শরাফ উদ্দিন আজাদ সোহেল পুনরায় বিএনপির পতাকাতলে ফিরে এসেছেন এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।’
ধান শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপিকে সমর্থন জানানোর জন্য শরাফ উদ্দিন আজাদ সোহেলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান প্রমুখ।
মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

